আমি আর নেই
আপনি যেহেতু এই লেখাটি পড়ছেন, তাহলে আমি আর এই পৃথিবীতে নেই। আমি আর সূর্যের আলো দেখছি না, মানুষের কণ্ঠ শুনছি না, নতুন দিনের অপেক্ষা করছি না। আমার সময় এখানে’ই শেষ হয়ে গেছে।
এই কথাগুলো লিখতে গিয়ে আমার হাত কাঁপছিল, আর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কারণ মানুষ বেঁচে থাকতে নিজের অনুপস্থিতির কথা ভাবতে চায় না। তবুও আমি লিখেছি। লিখেছি কারণ আমি চাইনি হঠাৎ করেই হারিয়ে যেতে। আমি চেয়েছিলাম - আমি না থাকলেও অন্তত আমার কিছু শব্দ থেকে যাক, কিছু অনুভূতি থেকে যাক, কিছু সত্য থেকে যাক।
মৃত্যু খুব নীরব। কোনো শব্দ করে না, কোনো ঘোষণা দেয় না। এক মুহূর্তে মানুষ থাকে, পরের মুহূর্তে শুধু স্মৃতি হয়ে যায়। অথচ সেই স্মৃতির ভেতরে কত না বলা কথা জমে থাকে, কত অনুভূতি আটকে থাকে, কত স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এই লেখাটা সেই অপূর্ণতার’ই ভাষা।
আমি কে ছিলাম
আমি কোনো বিখ্যাত মানুষ ছিলাম না। আমার কোনো বড় পরিচয় ছিল না। আমি ছিলাম একজন সাধারণ মানুষ - আপনাদের মতো’ই একজন। আমি হাসতাম, কাঁদতাম, ভয় পেতাম, আশা করতাম, আবার হতাশ হতাম।
আমি সব সময় চেষ্টা করেছি একজন ভালো মানুষ হতে। হয়তো সব সময় পারিনি, কিন্তু চেষ্টা করেছি। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল - কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া। এই সাইটে যা কিছু লিখেছি, সবই ছিল আমার শেখার গল্প। আমি নিজেও জানতাম না সবকিছু। আমি শিখেছি, বুঝেছি, তারপর চেষ্টা করেছি সহজ ভাষায় আপনাদের জানাতে।
জীবন সম্পর্কে আমার উপলব্ধি
জীবন খুব ছোট। আমরা ভাবি - আরও সময় আছে, পরে করব, একদিন করব। কিন্তু সেই ‘পরে’ বা ‘একদিন’ অনেক সময় আর আসে না। আমি বুঝেছি - জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, খ্যাতি নয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ, সম্পর্ক আর ভালোবাসা। বেঁচে থাকতে ক্ষমা চাইতে শিখুন। ধন্যবাদ বলতে শিখুন। ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পাবেন না। কারণ মৃত্যুর পরে আর কিছু বলার সুযোগ থাকে না।
আমার ভুলগুলো
আমি ভুল করেছি। অনেক ভুল। কখনো বুঝে, কখনো না বুঝে। আমি জানি, আমার কারণে কেউ কেউ কষ্ট পেয়েছেন, কেউ কেউ হতাশ হয়েছেন। আমি ইচ্ছে করে কাউকে আঘাত দিতে চাইনি। কিন্তু মানুষ হিসেবে আমি দুর্বল ছিলাম, অসম্পূর্ণ ছিলাম।
এই সাইটটি আমার কাছে কী ছিল
এই ওয়েবসাইটটা আমার কাছে শুধু একটি সাইট ছিল না। এটা ছিল আমার স্বপ্নের অংশ, আমার ভাবনার ঘর, আমার নির্ঘুম রাতগুলোর সাক্ষী। আমি চেয়েছিলাম - আমি না থাকলেও এখানে লেখা কিছু কথা যেন মানুষের কাজে লাগে, কাউকে একটু হলেও সাহায্য করে।
আমার আপনজনদের উদ্দেশ্যে কিছু কথা
আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার প্রিয়জনেরা - আপনারা যদি কখনো এই লেখাটা পড়েন, তাহলে জানবেন, আমি আপনাদের খুব ভালোবাসতাম। হয়তো জীবিত অবস্থায় সব সময় সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। হয়তো অনেক সময় নীরব থেকেছি, অনেক সময় ভুল বুঝেছি, অনেক সময় রাগ করেছি। কিন্তু আমার হৃদয়ের ভেতরে আপনাদের জন্য ভালোবাসা কখনো কম ছিল না।
প্রিয় বাবা-মা, আপনারা আমার জীবনের প্রথম আশ্রয়, প্রথম শক্তি, প্রথম ভালোবাসা। আপনাদের ঘাম, কষ্ট আর নির্ঘুম রাতের ওপর দাঁড়িয়ে আমার পুরো জীবন। আমি কোনোদিন আপনাদের ঋণ শোধ করতে পারব না। হয়তো জীবিত অবস্থায় আপনাদের বুকে মাথা রেখে বলা হয়নি - আমি আপনাদের কতটা ভালোবাসি। যদি আমার কোনো কথা, কোনো নীরবতা, কোনো অবহেলায় আপনাদের চোখে এক ফোঁটা জল এসে থাকে - আমাকে ক্ষমা করে দিবেন। আপনারাই ছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
প্রিয় বড় বোন - হয়তো আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল না। সাধারণ, শান্ত একটা সম্পর্কই ছিল। খুব বেশি কথা বা আবেগের আদান-প্রদান হতো না। আমি শুধু চাই, তুমি ভালো থাকো, শান্তিতে থাকো। আর আমার ছোট ছোট ভাগনে-ভাগিনারা, তোমরা ছিলে আমার বুকের ভেতরের আলাদা এক ভালোবাসা। তোমাদের হাসি, ছোট ছোট কথা আর সরল আনন্দ আমাকে অজান্তেই নরম করে দিত। ক্লান্ত দিনের শেষে তোমাদের মুখের দিকে তাকালেই মনটা হালকা হয়ে যেত। আমি হয়তো সব সময় পাশে থাকতে পারিনি, কিন্তু তোমাদের জন্য আমার ভালোবাসা ছিল নিঃশর্ত আর গভীর। তোমরা ভালো থাকলেই আমার মন শান্ত থাকত।
আমি জানি, আমার কারণে আপনাদের কষ্ট হয়েছে। হয়তো আমি প্রত্যাশা অনুযায়ী ভালো সন্তান হতে পারিনি, ভালো ভাই হতে পারিনি, ভালো বন্ধু হতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন - আমি চেষ্টা করেছিলাম। আমার সীমাবদ্ধতার ভেতরে থেকেই চেষ্টা করেছিলাম।
আমার অনুপস্থিতিতে নিজেদের ভেঙে ফেলবেন না। জীবন থেমে যায় না। আপনারা বাঁচবেন, হাসবেন, এগিয়ে যাবেন এটাই আমি চাই। আমার জন্য চোখের পানি নয়, দোয়া করবেন। আমি সব সময় চাইতাম, আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন।
আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা
পরিবারের পর যাদের আমি সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেছি - তা হলো আমার বন্ধুরা। রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু সম্পর্কটা ছিল পরিবারের মতো। তোরা শুধু বন্ধু ছিলি না, তোরা ছিলি আমার নিজের মানুষ।
আমরা একসাথে হেসেছি, একসাথে চুপ থেকেছি, একসাথে সময় নষ্ট করেছি - আর সেই সময়গুলো’ই আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। অনেক দিন কোনো কথা না বলেও যখন তোদের সাথে থাকতাম তখন শান্তি পেতাম। জীবনের কঠিন সময়ে আমি অনেক সময় নিজেকে গুটিয়ে নিয়েছি। তখনও তোরা আমার পাশে ছিলি - কখনো প্রশ্ন না করে, কখনো বিচার না করে শুধু থেকেছিস। সেটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় ভরসা।
তোদের সাথে কাটানো সময়গুলো’ই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যদি কখনো আমাকে মনে পড়ে - দুঃখ নিয়ে নয়, একটু হাসি নিয়ে মনে করিস।
শেষ বিদায়
আমি নেই। কিন্তু আমার কথাগুলো রয়ে গেল। হয়তো সেগুলো কেউ পড়বে, কেউ পড়বে না। তবুও আমি শান্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিজেদের যত্ন নিবেন। আর আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে ক্ষমা করে দিবেন। আল্লাহ তা’য়ালা যেন আমার মতো একজন পাপী বান্দাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন—সে দোয়া করবেন।
(যে একসময় এই পৃথিবীতে ছিল)

0 Comments
post a comment